কোম্পানীগঞ্জে যুবককে অপহরণের চেষ্টাকালে আটক- ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৪:৩৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে শাহেদ আহমদ (১৯) নামে এক যুবককে অপহরণের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন পুলিশের চেকপোস্টে আটক করা হয় তাদের।
আটককৃতরা হলেন- কোম্পানীগঞ্জের গৌরীনগর গ্রামের আব্দুল কাদেরের পুত্র জুবায়ের হোসেন (২৫) এবং লোভাহাওর গ্রামের ওহাব আলীর পুত্র জয়নুদ্দিন ওরফে জয়নুল (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বর্নি হাইটেক পার্কে নিজের প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়েছিল শাহেদ। এসময় জুবায়ের এবং জয়নুল তাদেরকে আটকায় এবং বলে— ‘এখানে প্রেমটেম করা যাবে না। করতে চাইলে চাঁদা লাগবে’। এ দুজনের সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় প্রেমিক শাহেদ। একপর্যায়ে দাবিকৃত চাঁদা না পেয়ে শাহেদকে তারা জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে ভোলাগঞ্জের দিকে রওয়ানা করে। উপজেলা পরিষদ গেইটের কাছে পৌঁছামাত্র পুলিশের চেকপোস্ট দেখে চিৎকার করে শাহেদ। পুলিশ ধাওয়া দিয়ে লাছুখাল ব্রিজে গাড়িসহ তাদেরকে আটক করে এবং অপহৃতকে উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। ভিকটিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।




