সিলেটে বিস্ফোরক সদৃশ ৩ টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয়করণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫:২২ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী থেকে রবিবার বিস্ফোরক সদৃশ ৩ টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়েছে। পরে সোমবার এগুলো নিষ্ক্রিয়করণ করা হয়।
র্যাব-৯ জানায়, রোববার রাতে খবর পেয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী রেল ক্রসিং এলাকার পরিত্যক্ত গার্ড রুমে অভিযান পরিচালনা করে বিস্ফোরক সদৃশ ৩ টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়। পরবর্তীতে সোমবার বিকেলে সন্ধানকৃত ককটেলগুলো বিশ্বনাথ থানা পুলিশের উপস্থিতিতে র্যাব সদর দপ্তর ও র্যাব-৯ এর বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রেল লাইনের পরিত্যক্ত ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করেন।
সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, এই সংক্রান্তে সিলেট জেলার বিশ্বনাথ থানায় একটি জিডি করা হয়। এছাড়াও, বিস্ফোরকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।




