গণভোটের ফলাফল ‘হ্যাঁ’ এর দিকেই যাবে : শিশির মনির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৩:৩০:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য আইনজীবী শিশির মনির বলেছেন, আসন্ন গণভোটের ফলাফল ‘হ্যাঁ’ এর দিকেই যাবে বলে আমি মনে করি। কারণ না এর পক্ষে প্রচারণা চালানোটা অনেক জটিল। রাজনৈতিক দল যদি না এর পক্ষে প্রচারণা চালায়, তবে তার প্রার্থীতা ক্ষতিগ্রস্ত হবে। কারণ ‘হ্যাঁ’-টা কতগুলো সংস্কার, কতগুলো ইতিবাচক কাজ, কতগুলো নতুনত্ব। না মানে হলো পিছনে যাওয়া। আমার মনে হয় না, নতুন প্রজন্মের মানুষ পিছনে যেতে চায়। তাদের সামনে যাওয়ার বিষয়টি অধিকতর যুক্তিযুক্ত। আমার বিবেচনায় ‘হ্যাঁ’ ভাল অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সুনামগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শিশির মনির।
শহরের কাজির পয়েন্টের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
এ সময় তিনি আরও বলেন, যদি আমরা বলি, আমাদের দাঁড়িপাল্লায় ভোট দেন, আমার না এর পক্ষে ভোট দেন। এটা ডিফিকাল্ট। একই ভাবে কেউ যদি বলেন, ধানের শীষে ভোট দেন, আবার না এর পক্ষে ভোট দেন, এটাও ডিফিকাল্ট। ইতিবাচক নেতিবাচক একসাথে হতে পারে না। এটা সাংঘর্ষিক। হ্যাঁ এর পক্ষে প্রচারণার জন্য সরকার একটি টোলস নিয়ে আসছে।
এ সময় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত নিয়ে ব্যক্তিগতভাবে খুবই ক্ষুব্ধ বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস উদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, নায়েবে আমীর মুমতাজুল হাসান আবেদ প্রমুখ।



