সিলেটে রাত সাড়ে ৯টার পর বন্ধ থাকবে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮:৫৫ অপরাহ্ন
সিলেট নগরীতে রাত সাড়ে ৯টার পর হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যাতীত সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিলেট মহানগর পুলিশ। রোববার বিকেলে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সিলেট মহানগর এলাকার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সব মার্কেটের পার্কিং স্পেস পার্কিংয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- রোববারের সভায় সিলেট মহানগর এলাকার হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রাত সাড়ে ৯ পর্যন্ত খোলা থাকবে বলে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। আর যে সকল মার্কেট ও শপিং মলের প্ল্যানে পার্কিং স্পেস ছিল কিন্তু পার্কিং স্পেস পার্কিং এর জন্য উন্মুক্ত না রেখে দোকান বা স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো সরিয়ে পার্কিং এর জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে উন্মুক্ত করে দিতে হবে।




