মদ, গাঁজা, সন্ত্রাস, অস্ত্রতে একদল অস্থির করে রাখে আমাদের প্রিয় সিলেটকে- জামায়াত আমীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৪:৫২ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মদ, গাঁজা, সন্ত্রাস, অস্ত্রতে একদল অস্থির করে রাখে আমাদের প্রিয় সিলেটকে। আমরা এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমরা বলেছি আল্লাহতালা যদি আমাদেরকে এই দেশের সেবকের দায়িত্ব দেন, ১ ইঞ্চি মাটির উপরে কেউ আর চাঁদাবাজির হাত বাড়ানোর সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা দিয়েছি- কোন অফিস আদালত কার্যালয়ে এখন থেকে আমরা যদি সুযোগ পাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেন, কারো ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘুষ খাওয়ার সাহস হবে না। কিন্তু সম্মানের সাথে সমস্ত নাগরিক বসবাস করার নিশ্চয়তা পাবে।
শনিবার বিকেলে ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবার প্রথমবারের মতো প্রবাসী ভাই-বোনেরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। আল্লাহর মেহেরবানীতে এই আওয়াজ আমরাই দিয়েছিলাম। অনেকে তার বিরোধিতা করেছিলেন। অনেকে বলেছেন প্রবাসীদের আবার ভোটের দরকার কি? ওরা বিদেশে যাবে, রুজি করবে, পরিবারকে টাকা পাঠাবে, দেশকে রেমিটেন্স দিবে- এর বাইরে তাদের আর কি আছে? লজ্জা। আমাদের ভাই-বোনদেরকে অপমান করা হয়েছে। আমরা বলেছিলাম ভোট যার যার পছন্দমতা দেবে। কিন্তু আমরা প্রতিটি প্রবাসীর ভোটের নিশ্চয়তা চাই। সরকার শেষ পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করেছে। এবার যদি সবার ভোটার নাও হতে পারে, ভোট নাও দিতে পারে, দরজা খুলেছে আগামীতে নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, আজকে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে যে বেতন সুবিধা দেওয়া হয়, সম্মানজনকভাবে জীবন-জীবিকার জন্য বেশিরভাগ ক্ষেত্রে এটা ইনসাফভিত্তিক নয়, এটা পর্যাপ্ত নয়। আপনি তার একান্ত প্রয়োজন পূরণ না করে, সে যদি তার প্রয়োজন পূরণের জন্য কোনো অপরাধ করে, রাষ্ট্রের কোনো অধিকার নাই ওই অপরাধের জন্য ওই নাগরিককে শাস্তি দেওয়ার। আগে তাকে সম্মানজনকভাবে বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে, তারপরে যদি লোভের বর্শবর্তী হয়ে কোনো অপরাধ করে, তাহলে তাকে শাস্তি দিতে হবে।
সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী সিবগাতুল্লাহ সিবগা সহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সবশেষে সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমীর।
এর আগে এই সমাবেশে দুপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন। এবারই প্রথম সিলেটে জামায়াতের সমাবেশে বিপুল সংখ্যক নারীরা অংশ নেন।




