সমালোচনার মুখে সিদ্ধান্ত পরিবর্তন, ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন ভোটাররা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৫:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : দেশজুড়ে তীব্র সমালোচনা ও কয়েকটি রাজনৈতিক দলের আপত্তির মুখে ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান- নির্বাচনের দিন ভোটার, প্রার্থী এবং এজেন্ট ও সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন।
এর আগে রোববার রাতে নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করেছিল। পরে এ নিয়ে নানা সমালোচনা তৈরি হয়।
আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে ভোটার, প্রার্থী এবং পোলিং এজেন্টরা মোবাইল ফোন বহন করতে পারবেন। তবে ফোন নিয়ে কেন্দ্রের ভেতরের গোপন কক্ষে (যেখানে ভোট দেওয়া হয়) যাওয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভেতরে যাবেন, প্রার্থীরা যাবেন এবং তাদের এজেন্টরাও যাবেন। তারা ছবিও তুলতে পারবেন। কিন্তু গোপন কক্ষ, যেখানে স্টাম্পিং হয়, সেখানে করবেন না। এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি; যাতে এই ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে।’
এর আগে গত রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, ভোটকেন্দ্রের ৪০০ (চারশ) গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণ ভোটারসহ কোনো ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানালো।
ইসির বিধিনিষেধে যা ছিল :
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ সংক্রান্ত বিধিনিষেধ’- শীর্ষক নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছিল:
আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিম্নে বর্ণিত ব্যক্তিগণ ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না মর্মে মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন:
১. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার
২.ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং
৩. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি এর নির্বাচন সুরক্ষা ২০২৬ এপ্লিকেশন ব্যবহারকারী দুই জন আনসার সদস্য।



