গোয়াইনঘাটে বিএনপি সমর্থকদের হামলায় দাঁড়িপাল্লার ২ কর্মী গুরুতর আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬:২৭ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিএনপি সমর্থকদের হামলায় দাঁড়িপাল্লার ২ কর্মী গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ১০ টার দিকে উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের চিতামইন গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-নূর আহমদ ( সাদ্দাম) ও কালিমুল্লাহ মাহফুয। তারা দুজনে চিতামইন এলাকার বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার রাত ১০ টার দিকে সাদ্দাম ও মাহফুজ স্থানীয় কোওরবাজার থেকে বাড়ি ফিরছিলেন। তারা গ্রামের মধ্যখানে পৌঁছামাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা বিএনপি সমর্থক তাজিদ আলী, জাহেদ, ফখরুলসহ ১০/১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র সহ তাদের উপর অতর্কিত হামলা চালান। এসময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, আমি ঘটনার খবর পেয়ে এসিল্যান্ডের নেতৃত্বে পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা সেখানে আছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।



