সিলেটে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ও ফলাফলের অপেক্ষা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০১:৪১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সারাদেশের মতো সিলেটেও শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ হয়েছে। কেন্দ্রে চললে ভোট গননা। এবার ফলাফলের অপেক্ষা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। এবার সিলেটের ৬টি আসনে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। ২৯ লক্ষাধিক ভোটারের জন্য ভোটকেন্দ্র ১০১৬টি। সিলেটের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম জানিয়েছেন ভোট কাস্টিংয়ের হার দুপুর ২টা পর্যন্ত ছিল প্রায় ৩৫ ভাগ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই সিলেটে নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন গভীর আগ্রহে ফলাফলের অপেক্ষায়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে সিলেট-১ (সদর-নগর) আসনে ৭০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির। জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমানের চেয়ে তিনি ১৭ হাজার ৮৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
সিলেট-১ আসনে মোট ভোট কেন্দ্র ২১৫টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৭০টির। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ৫৮৪ ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রাপ্ত ভোট ৪০ হাজার ৮৯৫।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ৫২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা। জামায়াত নেতৃত্বাধীন জোটের শরীক খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীর চেয়ে তিনি ৩০২৩২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
সিলেট-২ আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৫২ টির। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৭৭৫ ভোট। আর দেয়ালঘড়ি প্রতীকে খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীর প্রাপ্ত ভোট ১৪৫৪৩।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে ১৯ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মো. আবদুল মালিক। জামায়াত জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজুর চেয়ে তিনি ৭৪৫৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
সিলেট-৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৫১টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৯ টির। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী মো. আবদুল মালিক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৭৭২ ভোট। আর রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুর প্রাপ্ত ভোট ৮৩১৪।
সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তা) আসনে ৪৩ কেন্দ্রের ফলাফলে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীনের চেয়ে তিনি ৩০৬৫৩ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
সিলেট ৫ আসনে (কানাইঘাট-জকিগঞ্জ) ৭৬টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৪২,২৪৫ টি ভোট। ফুটবল প্রতীকে চাকসু মানুন ২২,০৬৪ টি ও দেয়াল ঘড়ি প্রতীকে মাওলানা আবুল হাসান ২৪,৫৬৪ টি।
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে ১৫ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৯২টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৫টির। প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থী এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪৯৫ ভোট। জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬১৩২ ভোট।
জেলার ৬টি আসনেই ভোট গণনা চলছে। রাত সাড়ে সাতটায় এ রিপোর্ট পর্যন্ত কেন্দ্রে কেন্দ্র ভোট গণনা চলছিলো।



