আল্লাহর সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জনের জন্য জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে- সেলিম উদ্দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ১২:৩৬:৫৬ অপরাহ্ন
গোলাপগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার আমির, বিগত সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, তাকওয়া অর্জনের মাধ্যমে শিক্ষা লাভ করে দ্বীনকে বিজয়ী করতে হবে। আমরা সমাজের উন্নয়নে কাজ করি জনগণের আশা পূরণ ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য।তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাতের বিজয়কে ছিনিয়ে নেয়ার সমালোচনা করে বলেন,ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ছায়া সরকার গঠন করে জানায়াতে ইসলামী দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ, জনগণ সকল অন্যায়ের জবাব একদিন দেবে।
তিনি আজ বুধবার গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত নির্বাচন পরবর্তী কর্মী সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এদিন বাদ আসর গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী এমসি একাডেমি স্কুল ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত নির্বাচন পরবর্তী কর্মী সম্মেলন ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা আমির আব্দুল আজিজ জামাল।উপজেলা জামায়াত সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগীর ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ব কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা জামায়াত নেতা হাফিজ নজমুল ইসলাম।
বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিক, ভারপ্রাপ্ত পৌর আমীর, সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল হামিদ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহান, ঢাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এস এম আব্দুর রহিম,শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলা সভাপতি আশফাক আল মান্না লিপু প্রমুখ।
মাহফিলে উপজেলা ও পৌর জামায়াতের দুই সহস্রাধিক নেতা কর্মী অংশগ্রহণ করেন।




