কেন্দ্রীয় শহীদ মিনারে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, পথচারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৬, ১২:৩৬:৩৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলিতে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। এই ঘটনায় পথচারীরা একজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশকে দিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ওই যুবককে গুলি করা হয়। পরে সেখানে থাকা তাঁর বন্ধুবান্ধব ও পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আহত রাকিবকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান নামে এক তরুণ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, রাতে তাঁরা কয়েকজন বন্ধু মিলে শহীদ মিনারের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ পান। এগিয়ে গিয়ে দেখেন ওই যুবক রক্তাক্ত অবস্থায় পরে আছেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে নিহত রাকিবের বন্ধু মো. রনি বলেন, ‘রাতে রাকিবসহ আমরা কয়েকজন বন্ধু শহীদ মিনারের পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় এক যুবক তাঁকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহীদ মিনারের উপড়ে গিয়ে দেখি রাকিব রক্তাক্ত অবস্থায় পরে আছে। সে মাথায় গুলিবিদ্ধ হয়। এ ছাড়া শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। এরপর সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।’
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’
গুলবিদ্ধ রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ভোটার আইডি অনুযায়ী তাঁর বর্তমান ঠিকানা পুরান ঢাকার নিমতলিতে। তবে তিনি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কর্মচারীদের স্টাফ কোয়ার্টারে থাকতেন বলে স্বজনেরা জানিয়েছেন।
শাহবাগ থানা উপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, শহীদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।



