নগরবাসীর সঙ্গে সিসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৬, ২:৫৭:২৭ অপরাহ্ন
সিলেট নগরবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। আজ শনিবার সকালে তিনি নগরভবন প্রাঙ্গনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সিসিক প্রশাসক বলেন, ঈদ আমাদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এই আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে—সেই প্রত্যাশা করি। আসুন, আমরা সবাই মিলে ঈদের খুশি ভাগাভাগি করে নেই।
গ্রিন ও ক্লিন সিটি গড়ার কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা সবাই একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট নগর গড়তে চাই। কিন্তু শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে এটি সম্ভব নয়। আপনাদের সবার সহযোগিতা ছাড়া ক্লিন ও গ্রিন সিটি গড়া সম্ভব নয়। আসুন, নিজ নিজ বাসা-বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখি, খাল, ছড়া ও ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি।
গ্রিন ও ক্নিন সিটি গড়ার কাজে সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও সহায়তায় আমরা একটি আধুনিক ও উন্নত সিলেট গড়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সিলেটে ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ সিসিক প্রশাসকের সঙ্গে নগরভবনে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সহকারী কমিশনের প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচারের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, সিসিকের সচিব বিশ্বজিত দেব, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ সহ ভারতীয় সহকারী হাই কমিশন ও সিসিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



