সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মোহাম্মদ মিজানুর রহমান মিজান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৪:৫৫ অপরাহ্ন
উত্তর ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (নেবজা) কর্তৃক সাংবাদিকতায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ “আউটস্ট্যান্ডিং কনট্রিবিউশন টু মিডিয়া” সম্মাননা পুরস্কার পেয়েছেন প্রবীণ টেলিভিশন সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান মিজান।
প্রায় ২৬ বছরের সাংবাদিকতা জীবনে তিনি কমিউনিটির বিভিন্ন বিষয় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ১৯৯৯ সাল থেকে কমিউনিটির কল্যাণে সাংবাদিকতার মাধ্যমে তিনি অসংখ্য সময় ও শ্রম ব্যয় করেছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল এস টেলিভিশন–এর ম্যানচেস্টার ব্যুরো চিফ হিসেবে গত ১৭ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন।
ব্রাডফোর্ডের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারে বাংলাদেশ কনস্যুলেটের সহকারী হাইকমিশনার জোবায়েত হোসেন।
পুরস্কার গ্রহণকালে মোহাম্মদ মিজানুর রহমান মিজান সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে। তিনি এই সম্মাননা কমিউনিটির প্রতি উৎসর্গ করেন।
এছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আরও দুই সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন চ্যানেল এস টেলিভিশনের নিউক্যাসল প্রতিনিধি শাহান চৌধুরী এবং এটিএন বাংলা ইউকে লিভারপুল প্রতিনিধি আবু সাঈদ চৌধুরী সাদী।



