শাবির পিএইচডি গবেষকদের মাসিক শিক্ষাবৃত্তি ৫ গুণ বৃদ্ধি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৬:০০:০১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পিএইচডি শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী করতে মাসিক শিক্ষাবৃত্তি পাঁচ গুণ বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। পূর্বে মাসিক শিক্ষাবৃত্তি ছিল ৬ হাজার টাকা। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্রের উদ্যোগে মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নিয়মিত আট জন পিএইচডি গবেষকের হাতে সম্মাননা তুলে দেয়ার মাধ্যমে বৃদ্ধি প্রাপ্ত শিক্ষাবৃত্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। একই সাথে গবেষকদের কাজ সহজ ও গতিশীল করতে ‘সাস্ট রিসার্চ সেন্টার ওয়েব অটোমেশন সিস্টেম’ও উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পিএইচডি গবেষণায় গবেষণা বৃত্তি ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। এ বৃত্তি গবেষকদের কর্মস্পৃহা বাড়িয়ে গবেষণায় মানসম্পন্ন ফলাফল অর্জনে ভূমিকা রাখবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষকদের কাজ সহজ করার লক্ষ্যে সাস্ট রিসার্চ সেন্টার অটোমেশন করা হয়েছে।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। এতোদিন যে গবেষণা বৃত্তি দেয়া হতো তা অতি সামান্য। এখন তা বাড়িয়ে ৫ গুণ করা হয়েছে। আগামীতে আরো বৃদ্ধি করা হবে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, স্কুল অব ফিজিক্যাল সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আহমেদ কবির চৌধুরী , স্কুল অব লাইফ সাইন্সেসের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাইদ আরেফিন খান, স্কুল অব এপ্লাইড সাইন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সাস্ট রিসার্চ সেন্টারের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।



