৭ ঘণ্টা পর আলোচনার আশ্বাসে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৫, ৩:৫৫:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ৭ ঘণ্টা পরে আলোচনার আশ্বাসে সিলেটে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘট স্থগিত ঘোষণা করেছেন শ্রমিক নেতারা। আজ মঙ্গলবার দুপুর ১টায় এই ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল হক।
এর আগে মঙ্গলবার সকাল ৬ টা থেকে সিলেটের জেলা প্রশাসকের অপসারণ, সকল পাথর কোয়ারি খুলে দেওয়া ও শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে শুরু হয় এই ধর্মঘট।
সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল হক বলেন, আমাদের কেন্দ্রীয় বাংলাদেশ সড়ক মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সুপারিশ এবং সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গের সুপারিশ, প্রশাসনের সুপারিশের ভিত্তিতে বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে ৩ টার সময় বসার সিদ্ধান্ত হয়েছে। তাই পরীক্ষার্থীসহ, বিভিন্ন বিদেশযাত্রীর সুবিধার্থে আমরা কর্মবিরতি স্থগিত ঘোষণা করছি। পরবর্তীতে আমরা বসার পরে কি সিদ্ধান্ত আসবে, সেটা আপনাদের জানাবো।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম জানান, এইচএসসি পরীক্ষা চলমান এবং সিলেট যেহেতু পর্যটন নগরী, প্রচুর পর্যটক এসে এখানে আটকে পড়েছেন, সেজন্য আমরা পরিবহন শ্রমিকদের অনুরোধ জানিয়েছি ধর্মঘট প্রত্যাহারের জন্য। তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।




