এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে কমেছে পাশের হার ও জিপিএ- ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৫, ২:৪৭:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এসএসসি পরীক্ষায় সিলেটে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবছর সিলেট বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন। গত বছর পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন।
গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। এবছর সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ২১৯জন। পাস করেছে ৭০ হাজার ৯১ জন। এরমধ্যে ছেলে ২৮ হাজার ৬৮৪জন ও মেয়ে ৪১ হাজার ৪০৭জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন। তার মধ্যে ছেলে ১ হাজার ৭৯১ জন ও মেয়ে ১ হাজার ৮২৩ জন।
এবছর সিলেট শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৮ হাজার ৪৪২ জন। পাশের হার ৭৭.৪৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪১১ জন পরীক্ষার্থী।
মানবিক বিভাগে ৭১ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪৫ হাজার ৯২৪ জন পাশ করেছে। পাশের হার ৬৪.৭১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন পরীক্ষার্থী।
ব্যবসায় বাণিজ্য বিভাগে ৭ হাজার ৪৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫ হাজার ৭২৫ জন। পাশের হার ৭৬.৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন পরীক্ষার্থী।
এবছর ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। একইভাবে জিপিএ-৫এও ছেলেদের সঙ্গে মেয়েদের প্রতিযোগিতা হয়েছে। এবছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের সংখ্যা ১ হাজার ৭৯১ জন ও মেয়েদের সংখ্যা ১ হাজার ৮২৩ জন।
চলতি বছরে সিলেটের মাত্র ৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে. শতভাগ ফেল শিক্ষার্থীর সংখ্যা নেই। গত বছর শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩১টি। এর আগের বছর ২০২৩ সালে ছিল ২৩টি।
এবারের এসএসসি পরীক্ষায় জেলা ভিত্তিক মোট কৃতকার্যের সংখ্যা বিচারে এগিয়ে সিলেট। আর পিছিয়ে হবিগঞ্জ। সুনামগঞ্জ জেলা দ্বিতীয় এবং মৌলভীবাজারের অবস্থান তৃতীয়। সিলেট জেলায় মোট কৃতকার্য হয়েছেন ২৯ হাজার ৯৬৯ জন। এদের মধ্যে ছাত্র ১২ হাজার ৭০৭ ও ছাত্রী ১৭ হাজার ২৬২ জন।
সুনামগঞ্জে কৃতকার্য হয়েছে ১৪ হাজার ৫৩৯ জন। এদের মধ্যে ছাত্র ৫ হাজার ৯৩১ জন ও ছাত্রী ৮ হাজার ৬০৮ জন। মৌলভীবাজারে মোট কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৭৮৮ জন। এদের মধ্যে ছাত্র ৫৪৯৮ জন ও ছাত্রী ৮ হাজার ২৯০ জন। আর হবিগঞ্জে মোট কৃতকার্য শিক্ষার্থী ১১ হাজার ৭৯৫ জন। এদের মধ্যে ছাত্র ৪ হাজার ৫৪৮ জন, আর ছাত্রী ৭ হাজার ২৪৭ জন।
এবারের এসএসসির ফলাফলে ‘এ’ পেয়েছে ১৩ হাজার ৪৬১ জন শিক্ষার্থী, ‘এ’ মাইনাস পেয়েছে ১৪ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী, ‘বি’ গ্রেড পেয়েছে ১৮ হাজার ৭৪৪ জন শিক্ষার্থী, ‘সি’ গ্রেড পেয়েছে ১৮ হাজার ৪৮৪ এবং ‘ডি’ গ্রেড পেয়েছে ৮২৪ জন শিক্ষার্থী।




