আওয়ামীলীগকে কার্যক্রম চালাতে বাধা না দেয়ার আহবান ছাত্রদল নেতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫:২২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে বাধা না দিতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ তারেক। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে এই আহবান জানান তিনি। সমালোচনার মুখে তিনি পরে এই পোস্টটি মুছে ফেলেন। দুই ঘণ্টায় তার এই পোস্টটি স্থানীয়ভাবে ভাইরাল হয়ে পড়ে। এর আগে দুই ঘণ্টায় তাঁর এই পোস্টটি ৩৬৮ জন শেয়ার করেছেন এবং মন্তব্য করেছেন ২৯৪ জন।
ফেসবুকে দেওয়া পোস্টে তারেক লেখেন, “বিএনপি নেতা কর্মীদেরকে বলতে চাই, আওয়ামী লীগ মিছিল করুক তাদের কার্যক্রম করুক বিএনপির কেউ যেনো বাধা না দেয়। জামায়াত, এনসিপি, নুরু- এদের মোকাবেলা করুক। বিএনপির কেউ বাধা (আ.লীগকে) দিবেন না।”
তার আহবানের পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে দেখা যায় অনেকে৷
জিল্লুর রহমান নামের সাবেক এক ছাত্রদল নেতা লিখেন, এটা কি দলীয় সিদ্ধান্ত?
অরুণ সজল নামের একজন লিখেন, বিএনপি নিরব থাকলে আওয়ামী লীগের দশ মিনিট সময় লাগবে না এদের কোনঠাসা করতে। বর্তমান সরকার ঠিকে আছে কেবল বিএনপির জন্য।
এবার লাইনে আইছো সোনারা- আওয়ামী লীগের অনেককে এ জাতীয় মন্তব্য করতে দেখা যায় এই ছাত্রদল নেতার পোস্টে।
আব্দুল্লাহ বিন হেলাল নামে একজন লিখেন, তোমাদের অবস্থা আরও ভয়াবহ হবে ভাই। জবাবে তারেক লিখেন, আমাদের হারানোর কিছু নাই। ভয়াবহতার সম্মুখিন হয়ে আমরা টিকে আছি।
এ বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন, মেসেজ দিলেও সাড়া দেননি মোহাম্মদ তারেক। জেলা ছাত্রদলের একাধিক নেতার মাধ্যমেও যোগাযোগ করা সম্ভব হয় নি।
তবে দায়িত্বশীল একজন জেলা ছাত্রদল নেতা জানান, শহীদ জিয়া, তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন, পরে সমালোচনা হলে রাতেই পোস্টটি তিনি মুছে ফেলেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আব্দুল হক জানান, নিষিদ্ধ ফ্যাসিস্টরা বাংলাদেশে রাজনীতি করবে এটা হতে পারে না। ছাত্রদল নেতা যা লিখেছেন তা কাম্য নয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ অবশ্যই বিষয়টি দেখবেন।




