দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু, স্ত্রী আহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ৫:৩১:৩৭ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ- সুনামগঞ্জের দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারিস মিয়া( ৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টায় উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় আহত হয়েছেন তার স্ত্রী।
নিহত হারিস মিয়া কার্তিকপুর গ্রামের আজীম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নতুন ঘরের বেড়া বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হারিস মিয়া। পরে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারিস মিয়াকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।




