সিলেটে ব্লকেড কর্মসূচি পালন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৫, ৭:৪৯:১৭ অপরাহ্ন
গোপালগঞ্জে পুলিশ ও ইউএনও’র গাড়ি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় সিলেটেও ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫টায় সিলেট নগরের চৌহাট্টায় ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেন ছাত্র ও যুব-জনতা।
পরে তারা দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় গিয়ে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তবে প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থানের পর নতুন নির্দেশনা অনুযায়ী ব্লকেড তুলে নেন তারা।
এর আগে বিকাল সাড়ে ৫টায় চৌহাট্টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৪টা থেকেই চৌহাট্টা ও কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় জড়ো হতে শুরু করেন ছাত্র ও যুব-জনতা। ঘণ্টাখানেক সময় সেখানে তারা অবস্থান করে চলে যান চন্ডিপুলে।
সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ বিরোধী ছাত্র ও যুবজনতার স্লোগানে উত্তাল হয়ে উঠে চন্ডিপুল এলাকা। আধা ঘণ্টা পরে নাহিদ ইসলামের আহবানে ব্লকেড তুলে নেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলার মিডিয়া সেল সম্পাদক ফখরুল হাসান বলেন, “গোপালগঞ্জের ঘটনায় স্পষ্ট প্রশাসনের নীরবতা ও পক্ষপাতই আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া করে তুলছে। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা ছাত্র-জনতাকে নিয়ে সরাসরি প্রতিরোধ গড়ে তুলব।”
এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান বলেন, “গোপালগঞ্জের ঘটনার সময় সরকার ও প্রশাসনের নীরবতা গভীর উদ্বেগজনক। আমরা দায়ীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।”




