ওসমানীনগরে নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ; উভয়পক্ষে উত্তেজনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ৯:৪৩:২০ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মজনু মিয়া নামের এক ব্যক্তির নেতৃত্বে প্রতিবেশীর মৌরশী ভূমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের জমির আলীর বসত বাড়িতে। এ ঘটনায় উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার খাগদিওর গ্রামে খাগদিওর মৌজার ৬১৮০ নং দাগে জমির আলীর মালিকানাধীন ৪৬ শতাংশ ভূমির মৌরশী সম্পত্তির একটি অংশ একই গ্রামের মজনু মিয়া গংরা দীর্ঘদিন ধরে দখল করে আসছিলেন। ভূমি ফিরে পেতে জমির আলী আদালতে মামলা দায়ের করেন। গত ৬জুলাই মজনু মিয়া গং জোরপূর্বক বিবদমান ভূমিতে স্থাপনা নির্মাণ শুরু করলে ৮জুলাই জমির আলী নিষেধাজ্ঞা চেয়ে সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং-৪৪/২৫) দায়ের করেন । বিষয়টি শুনানির পর বিজ্ঞ আদালত ৮জুলাই বিবদমান ভূমিতে ১৪৪ধারা জারি করেন। আদালতের নিষেধাজ্ঞার নির্দেশনা পেয়ে গত ১৪ জুলাই ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিষেধাজ্ঞা জারির বিষয়টি অবহিত করে নোটিশ প্রদান করে আদালতে উভয় পক্ষকে স্ব স্ব কাগজপত্র নিয়ে হাজির হতে বলেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মজনু মিয়া গংরা জোরপূর্বক স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনার পর থেকে জমির আলী ও মজনু মিয়া গংদের মাধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জমির আলীর ছেলে আবুল কালাম বলেন, ভূমিটি আমাদের মৌরশী সম্পত্তির অংশ। মজনু মিয়া গং আমাদের ভূমির একটি অংশ দখল করে রেখেছে। আমরা আদালতে মামলা দেয়ার পর জোরপূর্বক সে ভূমিতে ঘর নির্মাণ শুরু করে। আদালত ১৪৪ ধারা জারি করলেও এই নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের ভূমিতে ঘর নির্মাণ করছে এবং তারা আমাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।
মজনু মিয়ার পক্ষের জুমন মিয়া বলেন, আমরা আমাদের কেনা ভূমিতে ঘর নির্মাণ করছি। থানা থেকে নোটিশ পেয়েছি, আদালতে এর জবাব দেবো।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, আদালতের নিষেধাজ্ঞার একটি নোটিশ উভয় পক্ষকে দিয়েছি। যার যার কাগজপত্র নিয়ে আদালতে যাওয়ার জন্য বলেছি।




