ফুল-চকলেট, পানি দিয়ে নবীনদের স্বাগত জানাল শাবি ছাত্রদলের একাংশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ১২:৪৬:২৬ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ফুল-চকলেট, পানি স্বাগত জানালো জাতীয়তাবাদী ছাত্রদলের শাবিপ্রবি শাখার একাংশ।
মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মসূচিতে নবীনদের সহযোগিতায় ক্যাম্পাসে টেন্ট স্থাপন করেন তারা।
জানা গেছে, নবীনবরণ উপলক্ষে ছাত্রদলের দুইটি গ্রুপ পৃথকভাবে দুটি টেন্ট স্থাপন করেছিল। তবে সম্প্রতি দেশে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক পালনের প্রেক্ষিতে এক গ্রুপ নবীনবরণ কর্মসূচি থেকে সরে দাঁড়ায়।
আরও পড়ুন : নিয়ম ভঙ্গ করে শাবিতে ছাত্র ইউনিয়নের আত্মপ্রকাশ, প্রথম কর্মসূচিতেই আইন অমান্য
অন্যদিকে, সরেজমিনে দেখা যায় ছাত্রদলের শাবিপ্রবি শাখার সিনিয়র সভাপতি মোহাম্মদ সোহাগের নেতৃত্বে অপর একটি গ্রুপ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানায় কলম, ফুল, পানি, চকোলেট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে।
এ বিষয়ে ছাত্রদল নেতা মোহাম্মদ সোহাগ বলেন, “নবীনদের জন্য আজকের এই ব্যতিক্রমী আয়োজন ছাত্রদলের পক্ষ থেকে। নবীন শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আমরা চাই তারা মুক্তচিন্তা, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ নিয়ে বড় হয়ে উঠুক।”
তিনি আরও বলেন, “ছাত্রদল বিশ্বাস করে ভয়, জুলুম নয়, যুক্তি, শিক্ষা ও আদর্শ দিয়েই নেতৃত্ব গড়ে ওঠে। আমরা চাই, এই নতুন প্রজন্ম দেশের জন্য আলোর পথ দেখাক। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা আশা করি, শাবিপ্রবি ছাত্রদলের এই আয়োজন নবীনদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।”




