সিলেটের বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার
সিলেটে অযোগ্য টেকনিশিয়ান ও ডাক্তার দিয়ে সেবা দেয়ার অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৫, ১:১৪:৩১ অপরাহ্ন
#প্রশিক্ষণহীন লোক দিয়ে স্যাম্পল কালেকশন
#৬ প্রতিষ্ঠানকে জরিমানা ॥ একটি সিলগালা
ডাক ডেস্ক ॥ সিলেটের ৬ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একটি হাসপাতালকে সিলগালা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত ও মেডিকেল অফিসার ডা. আবু সালমান অংশ নেন।
সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র সংবাদ মাধ্যমকে জানায়, মঙ্গলবার সিলেট মহানগরের লামাবাজার, মীর্জাজাঙ্গাল ও স্টেডিয়াম এলাকার ৮টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানকালে ৬টি প্রতিষ্ঠানে প্রশিক্ষণহীন লোক দিয়ে স্যাম্পল কালেকশন, অযোগ্য টেকনিশিয়ান ও ডাক্তার দিয়ে সেবা দেওয়ার সত্যতা মেলে। পরে এগুলোকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একটি হাসপাতালে করা হয়েছে সিলগালা। জারিমানাকৃত হাসপাতালগুলোর মধ্যে মির্জাজাঙ্গালস্থ আল-কাওছারের কোনো কাগজপত্র নবায়নকৃত নেই। নেই ডাক্তার। মেডিকেল এসিস্ট্যান্ট দিয়ে রোগীদের দেওয়া হয় স্বাস্থ্যসেবা। এমনকি অপারেশনও করে ফেলা হয় অযোগ্য এসব ডাক্তার দিয়ে। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটির কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
অপরদিকে, একই এলাকার সেফওয়ে হাসপাতালকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটিকে আগেই নোটিশ দেওয়া হয়েছিলো। তবু তারা নবায়ন করেনি লাইসেন্স। মঙ্গলবার সেটি সিলগালা করে দুদিনের মধ্যে লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এছাড়া, লামাবাজার, মীর্জাজাঙ্গাল ও স্টেডিয়াম এলাকার ৫টি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে স্যাম্পল কালেকশন, অযোগ্য টেকনিশিয়ান ও ডাক্তার দিয়ে সেবা দেওয়ার সত্যতা পাওয়ায় অর্থদণ্ড করা হয়। ৬টি প্রতিষ্ঠানকে সবমিলিয়ে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।




