যুবকদের ব্যাংকিং কার্যক্রমে উৎসাহিত করতে শাবিপ্রবিতে সেমিনার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৫, ১০:২৪:৩৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : যুবসমাজকে ব্যাংকিং কার্যক্রমে আগ্রহী করে তুলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একটি সেমিনারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ারভিত্তিক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে পৃষ্ঠপোষকতা প্রদান করে প্রাইম ব্যাংক।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রাইম ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
এ ধরনের সেশনগুলোর মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের প্রস্তুতির সঠিক দিকনির্দেশনা দেওয়া। শুধু একাডেমিক পড়াশোনা যথেষ্ট নয়। একজন শিক্ষার্থীকে নিজের দক্ষতা বাড়াতে হবে- কম্পিউটার, ভাষাজ্ঞান, উপস্থাপন কৌশল, যোগাযোগ দক্ষতা ইত্যাদি ক্ষেত্রে। এগুলো পেশাগত ও ব্যক্তিজীবনে অনেক বড় সহায়ক হয়ে ওঠে। সাক্ষাৎকার বা যেকোনো আলোচনায় নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। বক্তৃতা ও নিজের চিন্তা প্রকাশ করার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে একজন শিক্ষার্থী আরও আত্মপ্রত্যয়ী হয়ে উঠবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. সাজেদুল করিম বলেন,
শাবিপ্রবির প্রতিটি সংগঠন সীমিত পৃষ্ঠপোষকতা পেলেও গুণগত মান বজায় রেখে সফলভাবে নানা আয়োজন করে আসছে। এই ক্লাবগুলোর কার্যক্রম প্রশংসনীয় এবং শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী। বর্তমানে আউটকাম বেইজড এডুকেশনের আওতায় শিক্ষার্থীরা গবেষণায় মনোযোগী হচ্ছে। অনেকে থিসিসের ফলাফল আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করতে চাইলেও অর্থায়নের অভাবে অনেক সময় তা সম্ভব হয় না। তাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে রিসার্চ স্কলারশিপ বা গিফটেড স্কলারশিপ প্রবর্তন অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে কর্পোরেট সেক্টরকে ডেভেলপমেন্ট ও সিএসআর পার্টনার হিসেবে এগিয়ে আসতে হবে।
সেমিনারে শিক্ষার্থীরা ব্যাংকিং খাতের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন এবং আমন্ত্রিত অতিথিরা তাৎক্ষণিকভাবে তাদের উত্তর দেন। এছড়া অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।




