সিলেটে শুরু হলো ‘জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতিপথ’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ১২:৩৪:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত হয়েছে সাপ্তাহব্যাপী স্মরণ আয়োজন “জুলাই বিপ্লব ভিজ্যুয়াল করিডোর স্মৃতিপথ”।
সিলেটের ক্বীনব্রীজ এলাকায় স্থাপিত এ স্মৃতিপথে জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর স্থিরচিত্র প্রদর্শিত হচ্ছে। পথজুড়ে বসানো হয়েছে রঙিন লাইটিং ও পোস্টার, যা দর্শনার্থীদের আন্দোলনের আবেগ, সাহস ও গণচেতনার স্মৃতি মনে করিয়ে দিচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মিডিয়া সেল সম্পাদক ফখরুল হাসান বলেন, “এই ভিজ্যুয়াল করিডোর শুধু ছবি নয়, এটি আত্মত্যাগ ও গণপ্রত্যয়ের নীরব সাক্ষী। জুলাই কেবল একটি তারিখ নয়, এটি তারুণ্যের অঙ্গীকার অন্যায়, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে এক অনমনীয় জাগরণ।”
আয়োজনটি সবার জন্য উন্মুক্ত এবং চলবে ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত।




