সিলেটে ছাদ থেকে ফেলে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার- ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৪:১৭:২৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে ছাদ থেকে ফেলে যুবক হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার (৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার পূর্ব কাড়াবাল্লার মো. আব্দুল মজিদের ছেলে মো. নাজমুল হোসেন ওরফে রায়হান (২০) ও সুনামগঞ্জের ধর্মপাশার রাজাপুরের গোলাম কিবরিয়ার ছেলে রাজু (১৮)।
র্যাব জানায়, গত ১৮ জুন আনুমানিক রাত সাড়ে ৯ টায় আবুল হাসান ও তার চাচাতো ভাই মিনহাজকে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে সিলেটের কোতোয়ালী থানাধীন আম্বরখানাস্থ ব্রিটানিয়া আবাসিক হোটেলের পাশে একটি বিল্ডিংয়ের পাঁচতলা ছাদে নিয়ে এলোপাতাড়ি মারপিট করে এবং তাদের সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে বিবাদীগণ ভিকটিমের কাছে আরো পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। ভিকটিম মুক্তিপণ দিতে অস্বীকার করায় তাকে অনেক মারধর করে এবং একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ভিকটিম আবুল হাসানকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ছাদ থেকে পরে ভিকটিম গুরুতর ভাবে জখম হয় এবং তার মৃত্যু হয়েছে ভেবে বিবাদীগণ সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের চাচাতো ভাই মিনহাজ ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। পরে গত ১৯ জুন আবুল হাসান সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উক্ত ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে শুক্রবার রাত সাড়ে ১০ টায় র্যাব-৯, সিলেট এবং র্যাব-৩ এর যৌথ অভিযানে ডিএমপির ধানমন্ডি থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আবুল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত পলাতক মো. নাজমুল হোসেন ওরফে রায়হানকে (২০) গ্রেফতার করা হয়।
রায়হানের দেওয়া তথ্যমতে, দিনের অপর আরেকটি অভিযানে আনুমানিক রাত সাড়ে ১১ টায় সিলেটের এয়ারপোর্ট থানাধীন মজুমদারি কোনাপাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একই মামলার তদন্তে প্রাপ্ত আরেকজন পলাতক আসামী রাজুকে (১৮) গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।




