গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি মামলার প্রধান আসামী আজমলসহ আটক-৭
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৫, ৩:৪০:১২ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্নয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
ফতারকৃত আজমল হোসেন নদী পথে নৌকা আটকিয়ে চাঁদাদাজী মামলার প্রধান আসামি ও উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে। এছাড়াও চাঁদাবাজি মামলায় আটক অপর আসামীরা হলেন- উপজেলার লেঙ্গুড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ, ফজর আলীর ছেলে বিল্লাল মেম্বার, মৃত মুসাব্বিরের ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবী।
জানা যায়, আজমলের নেতৃত্বে একটি দল নৌপথে নৌকা ও ভলগেট আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি। মামলা নং-১৩ (০৭-০৭-২৫)।
র্যাব-৯ সুত্রে জানা গেছে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অভিযান পরিচালনা করে আজমলসহ ৭ জনকে গ্রেফতার করে র্যাব। রোববার দুপুরে তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ বলেন, চাঁদাদাজীর একটি মামলায় ৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করে র্যাব-৯। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর পক্রিয়া চলছে।




