লালাবাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩৫, ভাঙচুর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ৪:৪০:৫৫ অপরাহ্ন
দক্ষিণ সুরমা প্রতিনিধি : দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ৩৫ জন আহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটে।
জানা যায়, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শিফতা ও পাপড়ি রেস্টুরেন্টের মালিক জুবের আহমদ লিটনের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষ চলাকালীন সময় প্রায় ১ ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়কের দু’দিকে অসংখ্য যানবাহন আটকা পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আসলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।




