আমাকে যেমন দেখেছেন, আমি তেমন আছি আর তেমনই থাকবো- সিলেটের নতুন জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৬:৫৪:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : আমাকে যেমন দেখেছেন, আমি তেমন আছি আর তেমনই থাকবো বলে মন্তব্য করেছেন সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, আমিতো আজকেই যোগদান করেছি। আমাকে একটু সময় দেন বিষয়গুলো একটু বুঝে নিতে। দেখি কি করা যায়। কোন কোন জায়গায় কি হয়েছে, কি কি করা হয়েছে আর কি কি করা যেতো, সেই বিষয়গুলো দেখবো। জনগণ যদি আমার সাথে থাকে, আপনারা (সাংবাদিক) যদি আমার সাথে থাকেন, তাহলে আমাকে যেমন দেখেছেন, আমি তেমন আছি আর তেমনই থাকবো। যেমন দেখেছেন, তেমনই থাকবো ইনশাআল্লাহ।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব গ্রহণকালে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বেশ কয়েকটি বিষয় আমার প্রায়োরিটি লিস্টে থাকবে। প্রথমত আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য। সকল কাজের জন্যই আমার প্রায়োরিটি থাকবে। তবে এই বিষয়গুলোর জন্য আমার স্পেশাল এটেনশন থাকবে। সিলেট হচ্ছে আমাদের প্রকৃতিকন্যা। সুতরাং প্রকৃতিকন্যা যেন প্রকৃতির মতো থাকে, সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এখানে অবশ্যই ডেভেলাপ হবে, তবে সেটা হতে হবে সাস্টেনেভল ডেভেলাপমেন্ট। টেকসই উন্নয়ন হবে। যাতে কোনোভাবে পরিবেশের ক্ষতি না হয়।
সিলেটে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, এটি আমার জন্য সৌভাগ্যের যে পূণ্যভূমি সিলেটে জেলা প্রশাসক হিসেবে সরকার দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন। উপযুক্ত মনে করছেন বলেই হয়তো দায়িত্ব দিয়েছেন। আমার সর্বোচ্চ দিয়ে এই জেলার জন্য এবং মানুষের জন্য কাজ করবো। আমি এই দায়িত্ব পালন করার জন্য সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চাই। আমি আশা করছি আমরা সকলে মিলে যখন কাজ করবো, তখন এই সিলেট একটি সুন্দর জেলা, সেটি আরো সুন্দর হবে।




