জকিগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৫, ৯:০১:০৫ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় শাকের আহমদ (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপিতিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
গ্রেপ্তারকৃত শাকের আহমদ (২৪) সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামের আজাদ আহমদের ছেলে।
র্যাব জানায়, সিলেট জেলার জকিগঞ্জ থানার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী গত ২৬ জুলাই সকালে জকিগঞ্জ থানাধীন ফারুক মিয়ার পরিত্যক্ত আদিম ব্রিক ফিল্ডে ঘুরতে যাওয়ার পর বিবাদীরা গোপনে ভিকটিমের এবং তার বন্ধুর ছবি তুলে। বিবাদীরা উক্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দিবে বলে ভিকটিমকে ভয়ভীতি দেখায় এবং অনৈতিক প্রস্তাব করে। ভিকটিম তাতে রাজি না হলে বিবাদীরা তাকে ও তার বন্ধুকে জোর পূর্বক মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভেতরে নিয়ে যায়। ভিকটিমের বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে বিবাদীরা তাকে প্রাণে হত্যার ভয় দেখায় এবং তাকে আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং ভিকটিমকে উক্ত বিষয়টি কাউকে বা পুলিশকে না জানানোর জন্য প্রাণে হত্যার হুমকি দেয়। উক্ত বিষয়টি ভিকটিম ভয়ে কাউকে জানায়নি কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে গেলে তার পরিবারের লোকজনদের জানানোর পরে ভিকটিম নিজে বাদী হয়ে সিলেট জেলার জকিগঞ্জ থানায় ৫ জনের নাসোল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ বুধবার রাত ১০ টায় ঢাকা জেলার সাভার থানাধীন খাগান এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার জকিগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর মূলে এজাহারনামীয় ৩নং পলাতক আসামী শাকের আহমদকে গ্রেপ্তার করা হয়।
কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




