জৈন্তাপুরে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ৭:৩৭:৩২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। আজ শনিবার (২৩ আগষ্ট) দুপুর ১১টায় উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার নেতৃত্বে হওয়া অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা।
অভিযান চলাকালে ৪নং বাংলাবাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে রাংপানি নদীর ২ হাজার ঘনফুট ও শ্রীপুর চা বাগানের পাশে মজুদ করে রাখা আরো ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, গত সপ্তাহে ৪নং বাংলাবাজার এলাকায় জব্দকৃত সাড়ে ৯ হাজার ঘনফুট পাথর ও শনিবার দুই হাজার ঘনফুটসহ মোট সাড়ে এগারো হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে। আর শ্রীপুর চা বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলংয়ের পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে।




