ওসমানীনগরে কুরিয়ার সার্ভিসের গাড়ি ডাকাতি, মালামাল উদ্ধারসহ গ্রেফতার- ৬
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ৭:১৬:০৭ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-ঢাকা মহাসড়কে এসএ পরিবহনের পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ অভিযুক্ত ৬ ডাকাত সহ ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- ওসমানীনগর উপজেলার রবিদাস গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. শানুর শাহ (২৯), মাটিহানি গ্রামের ওয়ারিছ আলীর ছেলে রলেক মিয়া (৪০), আব্দুস সোবহানের ছেলে দিলশাদ আহমেদ রাজু (৩৪), ভাড়েরা গ্রামের আশিক উল্লার ছেলে আ. মজিদ (২৪), ফতেপুর গুপ্তপাড়া গ্রামের ইরন আলীর ছেলে মোঃ সুফিয়ান আহমেদ (২৬) ও মোগলাবাজা থানার চর মোহাম্মদপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে সাইদুর রহমান সাদী (২১)।
এ ঘটনায় এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সুপারভাইজার মো. ফারাদুল ইসলাম বাদী হয়ে রোববার ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, শনিবার রাত ১১টার দিকে এসএ পরিবহণ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে সিলেটের নাইওরপুল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিলে রাত ১২টা ২০মিনিটের দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় পৌছালে দুইটি মোটরসাইকেল ও একটি পিকআপ নিয়ে ১০ জন ডাকাত এসএ পরিবহণের গাড়ীটি ব্যারিকেড দিয়ে থামায়। এসময় ডাকাতরা কাভার্ড ভ্যানে থাকা তিন সহকারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে ডাকাতদের ব্যবহৃত পিকআপ গাড়ীতে উঠায় এবং কাভার্ড ভ্যানের ড্রাইভারকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতরা তাজপুর মঙ্গলচন্ডী রোডের প্রায় এক কিলোমিটার ভিতরে রাস্তার পাশে নিয়ে থামায়। এসময় প্রায় ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাত দল ড্রাইভারের মাথায় পিস্তল ধরে চাবি নিয়ে ভ্যানের দরজা খোলে গাড়িতে থাকা কিছু মালামাল রেখে ১০ লাখ ৪৭ হাজার ৪৯০ টাকার মালামাল লুঠ করে তাদের ব্যবহৃত পিকআপ গাড়িতে নিয়ে যায়। এবং ডাকাত দলের ৪ জন সদস্য এসএ পরিবহণের কাভার্ড ভ্যানটিতে ড্রাইভারসহ আরো তিন সহকারীকে তুলে শেরপুর টোলপ্লাজার সামনে পৌঁছে দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে বিষয়টি ওসমানীনগর থানাকে জানালে পুলিশ রাতে সম্ভাব্য এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা অভিযান চালিয়ে জড়িত ডাকাতদের মালামালসহ গ্রেফতার করেছি। অন্যান্য জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




