কানাইঘাটে হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ৮:১৩:২০ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) নিজেস্ব সংবদদাতা : সিলেটের কানাইঘাটে হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে তাদের চাচাতো ভাই। এতে এক ভাই নিহত ও নারীসহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে ঘাতক ও তার পিতাকে।
শুক্রবার বিকেল ৩ টায় কানাইঘাটের ৩নং দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান শাহপুর গ্রামের মৃত কুতুব আলীর ছেলে। এ ঘটনায় আটক করা হয়েছে সাইদুর রহমানের চাচা ও তার ছেলে ইমরানকে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান ও তার ভাইদের ২০-২৫ টি হাঁস ছিলো। সম্প্রতি ইমরান তাদের ধানক্ষেত রক্ষার্থে বিষ প্রয়োগ করে। কয়েকদিন আগে হাঁসগুলো ওই ধানক্ষেতে গেলে ১০-১৫ হাঁস বিষক্রিয়ায় মারা যায়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এর জের ধরে গতকাল শুক্রবার জুমার নামাজের পর সাইদুর রহমান ও তার ভাইদের সাথে ইমরানের মারামারি বেঁধে যায়। এসময় ইমরান তাদের ৩ ভাইকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ৩ ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ৬ টায় মারা যান সাইদুর রহমান।
অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন, ফরিদুর রহমান ও আব্দুর রহমান।
তাছাড়া তাদের মারামারিতে ইমরানের মা গুরুতর আহত হন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, আপন চাচা ও চাচাতো ভাইয়ের হাতে সাইদুর রহমান খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।




