অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে জৈন্তাপুর থেকে আটক- ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৯:৫৮ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জৈন্তাপুর উপজেলায় শ্রীপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে পাঁচজনকে আটক করেছে বিজিবির দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবি টহলদল।
৪৮ বিজিবি সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টায় উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় অভিযানে বিজিবি সদস্যরা শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় সীমান্তবর্তী রাংপানি নদীর সন্নিকটে সীমান্ত পিলার ১২৮০/১ এস মেইন পিলার থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫ জন নারী পুরুষকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে অনুপ্রবেশের চেষ্টার কথা স্বীকার করে এবং তারা কোন পাসপোর্ট সহ বৈধ কাগজপত্র দেখাতে পারে নি।
আটককৃতরা হলেন- চাঁদপুরের বাখরপুরের মো. সিরাজ খাঁর ছেলে মো. সোহেল রানা (৩৪), ময়মনসিংহের ত্রিশালের মো. ইব্রাহিমের ছেলে মো. আল আমিন (২৫), নারায়ণগঞ্জের ফতুল্লার মোঃ বাবুলের ছেলে মো. সাগর (৩৩), হবিগঞ্জের মাধবপুরের জিন্নাত হাওলাদারের মেয়ে মোছা হলকি বেগম (৩৭) ও ফরিদপুরের সালথার রফিক মাতুব্বরের মেয়ে মিতু আক্তার (৩২)।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক শুক্রবার আটককৃত নারীপুরুষদের বিজিবির সহায়তায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উক্ত ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ আইনে, ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।




