ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ জনের জেল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৪:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৪টা পর্যন্ত উপজেলার ধলাই নদীতে এই টাস্কফোর্সের এই অভিযান পরিচালিত হয়। পরে তাদেরকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এসময় ৬টি স্টিল বডি বলগেট নৌকা ও লিস্টার মেশিন লাগানো ২টি বারকি নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জের দুরালপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. এবাদুর রহমান (২২), হরিণাকান্দি গ্রামের ছেলে আব্দুল হাই এর ছেলে মো. মহাসিন আহমদ (২৮), দুর্লভপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে মো. একরাম হোসেন (২২), আব্দুল হানিফের ছেলে মো. আতাউর রহমান (৩৩), আব্দুস সুবাহানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৫), রইছ আলীর ছেলে মুজিবুর রহমান, বিশ্বম্ভরপুরেরর সংগ্রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মো. মফিকুল হক (৩০), বসন্তপুর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে মো. সজিব (২২), মৃত গোলাম মোস্তফার ছেলে আলী রাজ (২৮), তাহিরপুর উপজেলার শুলাহা গ্রামের মৃত দেওয়ানের ছেলে মো. তৌফিক মিয়া (৩০), একই গ্রামের মনজুর আলীর ছেলে মো. আলী হোসেন (২৩)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া ও থানার ওসি মোহাম্মদ রতন শেখের নেতৃত্বে টাস্কফোর্সের এ অভিযানে বিজিবি সহ বিভিন্ন বাহিনী উপস্থিত ছিল। অভিযানকালে ধলাই সেতুর ৫০০ মিটারের মধ্যে লিস্টার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করায় ওই ১১ জনকে আটক করা হয় এবং তাদের সাথে থাকা ৮ টি নৌকা আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া বলেন, লিজ বহির্ভূত এলাকা ও ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের অভিযোগে তাদেরকে আটক করে জরিমানা করা হয়েছে। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রতন শেখ জানান, আটক ১১ জনকে শুক্রবার বিকেলে কোর্টে প্রেরণ করা হয়েছে। অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স জারী থাকবে।




