নবীগঞ্জে ডেভিল হান্ট অভিযানে সাবেক কমিশনার মিজান গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯:৫০ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশেষ ক্ষমতা আইনের মামলায় উপজেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক যুবলীগ নেতা ও পৌরসভার সাবেক কমিশনার মিজানুর রহমান মিজান (৫৫)-কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গন্ধ্যা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় দায়েরকৃত স্পেশাল মামলা নং-১৫, তারিখ ১৯/০২/২০২৫-এ প্রাথমিকভাবে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তিনি ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি পুড়ানোর মামলার সন্দিগ্ধ আসামি হিসেবেও তদন্তে চিহ্নিত হয়েছেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় ডেভিল হান্ট’ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, মিজানের বিরুদ্ধে তদন্তে প্রমাণ মিলেছে যে তিনি মহাসড়কে গাড়ি পুড়ানোর ঘটনায় জড়িত ছিলেন।




