নিসচার প্রতিবেদন
আগস্ট মাসে সিলেটের সড়কে ২৬ জনের প্রাণহানি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৭:১৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট বিভাগে আগস্ট মাসে ২৬ টি সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় আহত হয়েছেন আরো ৮২ জন।
প্রকাশিত প্রতিবেদনে আগস্ট মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘঠিত হয়েছে হবিগঞ্জ জেলায়। আগস্ট মাসে সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৪৪ জন আহত; সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১৭ জন আহত; মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৬ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
নিসচা সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৮ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী এবং ৫ জন পথচারী রয়েছেন। এরমধ্যে ১২ জন চালক। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ৮টি দুর্ঘটনায় ১০ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আগস্ট মাসে নিহত ২৬ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, জুলাই মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬১ জন আহত হয়েছিলেন।




