সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক- ৬
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৫:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানায়, সোমবার রাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন “তালহা গেস্ট হাউজ” আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ১ জন নারী সহ মোট ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আলাউদ্দিন (৫০), রেজাউল করিম নোমান (২০) ও ইয়াসমিন বেগম (২৫)।
পরবর্তীতে মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় দক্ষিণ সুরমা থানাধীন সিলেট রেস্ট হাউজ আবাসিক হোটেলের মধ্যে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন নারী ও ১ জন পুরুষ সহ মোট ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইভা রহমান নুপুর (২২), জোবাইদা ইসলাম জুই (২৪) ও হৃদয় আহমেদ (২৫)।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।




