শামীমাবাদে প্রবাসী বাসা দখলকারী ছাত্রদল নেতা ফাহিম কারাগারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১:০৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের শামীমাবাদ আবাসিক এলাকার প্রবাসীর বাসা দখলের মামলার অন্যতম আসামী মহানগর ছাত্রদল নেতা ফাহিম আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার সময় নগরীর শামীমাবাদস্থ ইউকে সাকসেস নামক অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, প্রেফতারকৃত ফাহিমের বিরুদ্ধে আদালতে গ্রেফতার পরোয়ানা জারি ছিল। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে সেটা বাসা দখলের মামলা নয়। ২০২৩ সালের পুরনো মামলার ওয়ারেন্ট ছিল।
জানা গেছে, সিলেট নগরীর শামীমাবাদ এলাকার ৫নং রোডের ৪ তলা বিশিষ্ট ২০৫ নম্বর বাড়িটির মালিক ছিলেন সুহেল বেগমসহ যুক্তরাজ্য প্রবাসী ৫ ভাই। ২০১৮ সাল থেকে বাড়িটি অবৈদভাবে দখল করে রাখেন মহানগর ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের নেতৃত্বাধীন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। তারা বাসার মালিক প্রবাসীকে বের করে দিয়ে চারতলা বিশিষ্ট বাসাটি দখলে নিয়ে নিজেরা ভাড়াটিয়া ঢুকিয়ে দেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগের পতনের পর বাসাটির দখল নেন মহানগর ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা এস এম ফাহিম ও তার সহযোগীরা। গত বছরের নভেম্বর থেকে তারা ওই বাড়ির ভাড়াটিয়াদের থেকে ভাড়া তুলতে শুরু করেন।
বাসার মালিক সুহেল বেগম জানান, ২০২৪ এর ৫ আগেস্টর পটপরির্বতনের পর ছাত্রদল নেতা এস এম ফাহিম ও তাঁর লোকজন বাসাটি জোরপূর্বক দখল করে বসবাস করছিলেন। তিনি দেশে ফেরার পর বাসাটি উদ্ধারের চেষ্টা করেন। গত ২ জুন তিনি ৭ জনের নাম উল্লেখ করে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে কোতোয়ালি থানায় মামলা করেন। থানা থেকে উভয়পক্ষকে বাড়ির কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে বলা হলেও ফাহিমের পক্ষের কেউ থানায় যায়নি। পরে পুলিশের সহায়তায় তিনি বাসায় গিয়ে এক সপ্তাহের মধ্যে বসবাসকারীদের সরে যেতে বলেন। সর্বশেষ সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গত ২৮ জুন এলাকাবাসীর সহায়তায় তাকে বাড়ির দখল বুঝিয়ে দেয়া হয়।
এরপর পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করতে গত ১ জুলাই বাসার মালিক সুহেল বেগ ও তার পরিবারের পক্ষ থেকে বাসায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শামীমাবাদ আল জান্নাত জামে মসজিদের মোতওয়াল্লী হাফিজ সৈয়দ শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথির উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। এসময় এলাকার গণমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।




