সিলেটে মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রম চালু হচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৯:০১ অপরাহ্ন
সিলেটে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রম চালু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে।
আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ প্রণয়নের মাধ্যমে সরকার দেওয়ানী ও আপোসযোগ্য ফৌজদারী বিরোধ যেমন- পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণের দাবী, বাড়িভাড়া সংক্রান্ত বিরোধ, অগ্রক্রয়ের দাবী, বিজ্ঞ সহকারী জজ আদালতের এখতিয়ারভূক্ত বণ্টন সংক্রান্ত বিরোধ, যৌতুক সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে মামলাপূর্ব মধ্যস্থতার (প্রি-কেইস মেডিয়েশন) বাধ্যতামূলক বিধান সংযোজন করেছে। সরকার উক্ত আইনের তফসিলভূক্ত ১। পারিবারিক আদালত আইন, ২০২৩ এর ধারা ৫-তে উল্লিখিত বিষয়: ২। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-তে উল্লিখিত বিরোধ; ৩। সহকারী জজ আদালতের এখতিয়ারভূক্ত বণ্টন সম্পর্কিত বিরোধ: ৪। State Acquisition & Tenancy Act, 1950 এর Section ৯৬ এ উল্লিখিত অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ: ৫। Non-Agricultural Tenancy Act, 1949 এর Section ২৪ এ উল্লিখিত অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ: ৬। পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩ এর ধারা ৮ অনুসারে পিতা-মাতার ভরণপোষণ সম্পর্কিত বিরোধ। ৭। যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ধারা ৩ ও ৪ এ বর্ণিত যৌতুক সম্পর্কিত অভিযোগ: ৮। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ধারা ১১(গ) তে বর্ণিত যৌতুকের জন্য নির্যাতন সম্পর্কিত অভিযোগ এর বিষয়ে আদালতে মামলা দায়ের করার পূর্বে বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান সিলেট জেলায় কার্যকর করেছে।
মধ্যস্থতা প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পরই পক্ষগণ আদালতে মামলা দায়ের করতে সক্ষম হবেন। মামলা দায়েরের ক্ষেত্রে মামলাপূর্ব মধ্যস্থতা প্রক্রিয়া ব্যয়িত সময় তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাতিলের বিধান রাখা হয়েছে। উক্ত অধ্যাদেশের মাধ্যমে বিরোধীয় পক্ষগণ কর্তৃক স্বাক্ষরকৃত এবং চীফ লিগ্যাল এইড অফিসার কর্তৃক প্রত্যায়িত প্রতিটি মধ্যস্থতা চুক্তি চূড়ান্ত, বলবৎযোগ্য এবং পক্ষগণের উপর বাধ্যবাধকর ও আদালতের ডিক্রি অথবা ক্ষেত্রমত চূড়ান্ত আদেশে হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে।
উক্ত অধ্যাদেশ মূলে মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার জন্য স্পেশাল মেডিয়েটর হিসেবে অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মহোদয়কে সিলেট জেলা লিগ্যাল এইড অফিসে পদায়ন করা হয়েছে। সিলেট জেলা লিগ্যাল এইড অফিসে বসে তিনি মধ্যস্থতা কার্যক্রম পরিচালনা করবেন। জেলা লিগ্যাল এইড অফিসার কর্তৃক পরিচালিত মধ্যস্থতা কার্যক্রমও পরিচালিত হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাননীয় নির্বাহী পরিচালক (সিনিয়র জেলা জজ) শেখ আশফাকুর রহমান মহোদয় উপস্থিতিতে উক্ত মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রম এর উদ্বোধন অনুষ্ঠান আজ বুধবার গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট, সিলেটে অনুষ্ঠিত হবে।
বিষয়টি জানিয়েছেন সিলেট জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বিশ্বেশ্বর সিংহ।




