দিরাইয়ে জুলাই ঐক্য পরিষদের আত্মপ্রকাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৯:২৫:২৭ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে জুলাই ঐক্য পরিষদের আত্মপ্রকাশ হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (১৮ জুলাই) বেলা আড়াইটার দিকে দিরাই উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুলাই সহযোদ্ধাদের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভা সঞ্চালনা করেন সাব্বির আহমদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সজীব আহমদ। ঘোষণাপত্র পাঠ করেন আরিফ উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন কারিমুল হক, রশিদ আহমদ, এমদাদুর রহমান সৌরভ, রেজুয়ান আহমেদ, আসলাম আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই ঐক্য পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। তবে এটি শুধু একটি সংগঠনই নয়, একটি চেতনার নাম। বর্তমান প্রজন্মের ভেতরে জুলাই আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। তারা বলেন, যে লক্ষ্য নিয়ে জুলাই আন্দোলন সংগঠিত হয়। তা এখনো অধরা রয়ে গেছে। মানুষ অধিকার নিশ্চিত করতে এবং একটি সুন্দর, অগ্রসর, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবে জুলাই ঐক্য পরিষদ।
আলোচনায় উঠে আসে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। স্থানীয় তরুণদের ঐক্যবদ্ধ করে সমাজ গঠনে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানজুড়ে ছিল জুলাই স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান।




