শান্তিগঞ্জে লেগুনা-সিএনজি সংঘর্ষে ২ জনের প্রাণহানি, আহত- ৭
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ৪:০২:৫২ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দিরাই-সুনামগঞ্জ মহাসড়কে লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২ টায় উপজেলার গাগলি এলাকায় আঞ্জু মিয়ার বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দোয়ারাবাজারের ঢুলপশী গ্রামের প্রতুল রঞ্জন চক্রবর্তীর ছেলে প্রদ্যুৎ চক্রবর্তী (৩৪) ও দিরাই উপজেলার সাদিরপুর গ্রামের হাসান মিয়ার মেয়ে হুমায়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিরাই থেকে ছেড়ে আসা একটি লেগুনা ও বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রদ্যুৎ চক্রবর্তী নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।
আহত অবস্থায় ৮ জনকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। পথে হুমায়রা নামে আরও একজন নিহত মারা যায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এবিষয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলী বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সড়ক দুর্ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।




