উমাইরগাঁও কলেজের উন্নয়নে প্রবাসী মাসুকের ৫ লাখ টাকা অনুদান ঘোষণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৫, ১১:৩৮:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট সদর উপজেলার উমাইরগাঁও কলেজের প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য, সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী এবং শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক কলেজের একাডেমিক ভবনের অসম্পন্ন উন্নয়ন কাজ সমাপ্ত করতে ৫ লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন। তিনি আজ শুক্রবার (২৫ জুলাই) কলেজ পরির্দশন এবং কলেজের উদ্যোগে স্থানীয় এসএসসি ও দাখিল উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ ঘোষণা প্রদান করেন।
কলেজ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, স্থানীয় হাটখোলা ইউপি চেয়ারম্যান মাওলানা কেএম রফিকুজ্জামান, কলেজের আজীবন দাতা সদস্য ফারুক আহমদ, কলেজ বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দীন, কলেজের প্রিন্সিপাল মো. মাহমুদুজ্জামান, উমাইরগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আফতাব উদ্দিন, বালাগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, শিক্ষানুরাগী ইকবাল উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আহমদ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ফখর উদ্দিন।




