বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন
এসআই আকবর ও সহযোগীদের বিচার দ্রুত সম্পন্নের দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৫, ৩:৪২:০৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের আলোচিত রায়হান আহমদ হত্যাকান্ডে ‘খুনী’ এস.আই আকবর হোসেন ভূইয়াসহ তার সহযোগীদের দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে সিলেটের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সংগঠক তারেক আহমদ বিলাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালের ১০ অক্টোবর সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ফাঁড়ি ইনচার্জ এস.আই আকবর হোসেন ভূইয়া ও তার সহযোগীদের নির্যাতনে খুন হন নগরীর আখালী নিবাসী যুবক রায়হান আহমদ।
এই নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদে সিলেটবাসীর ন্যায় সমগ্র দেশবাসী বিক্ষোভে ফেটে পড়ে। সিলেটবাসী দাবি জানায়, খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির। বিচারে বিলম্ব ও সম্প্রতি উচ্চ আদালতে বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট জয়নুল আবেদীন খুনী আকবরের জামিনের ব্যবস্থা করেন। তার এই ভূমিকা মানববন্ধন থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। নেতৃবৃন্দ তাৎক্ষণিক জামিন বাতিলের আবেদন করার পর জামিন স্থগিত হওয়ায় সরকার পক্ষকে অভিনন্দন জানান। খুনী আকবরের জামিনের সংবাদে সিলেটবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দাবানল জ্বলে ওঠার আগেই রায়হানের হত্যাকারী ‘খুনী’ আকবর ও তার সহযোগীদের বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায় দেশবাসী।
কবি সাজন আহমদ সাজু ও আবুল কালাম আজাদের যৌথ পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ সভাপতি ডা. আশরাফ আলী, সংগ্রামী সাধারণ সম্পাদক এমাদাদ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মুর্শেদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মামুন রশীদ, কেন্দ্রীয় সদস্য আফছারুজ্জামান আফছর, কয়েছ আহমদ সাগর, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেটের সভাপতি রেহেনা ফারুক শিরিন, স্বপ্না বেগম, এনসিপি শ্রমিক ইউং নেতা শিব্বির আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল, গুলজার আহমদ, জায়েদ আহমদ, মেহবুবুর রহমান, ফয়ছল আহমদ, যুব সংগঠক সাইফুল ইসলাম, বদরুল ইসলাম রিপন, চুনু মিয়া, নিহত রায়হানের মামা রূপেজ আহমদ, তাজ উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে নিহত রায়হানের মা সালমা বেগম বলেন, হুমকি-ধমকি ও প্রলোভনকে উপেক্ষা করে ছেলে হত্যার বিচারের আশায় প্রহর গুণছি। দীর্ঘ ৫ বছর ধরে মামলা চলছে আদালতে। সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে। রায় সামনে। এই অবস্থায় আদালত থেকে জামিন নিয়ে একে একে বেরিয়ে যাচ্ছেন আলোচিত এ মামলার আসামিরা। এতে আমি মর্মাহত। ১নং আসামীর জামিনের সংবাদে সিলেটবাসী তার পাশে দাঁড়ানোর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




