নারী নিপীড়নের প্রতিবাদে শাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৮:৫৬ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : নারী নিপীড়নের প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। আজ মঙ্গলবার (২ আগস্ট) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করে শাবিপ্রবি ছাত্রদল।
এসময় নারী নিপীড়নের প্রতিবাদে বক্তব্য রাখেন ছাত্রদলের শাবিপ্রবি শাখার সভাপতি রাহাত জামান, সাধারণ সম্পাদক নাঈম সরকার প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি রাহাত জামান বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা নারী বিদ্বেষী মনোভাব নিয়ে নারীদেরকে সাইবার বুলিংয়ে লিপ্ত হয়েছে, যা নারীদের জন্য হেনস্তাকর।
আমরা বটবাহিনীর এরকম কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। নারীরা আমাদের বোন তাদের প্রতিটি যৌক্তিক দাবিতে ছাত্রদল পাশে ছিল, থাকবে।’




