আঞ্চলিক উন্নয়নে সরকার আন্তরিক : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
কোম্পানীগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩:৪০ অপরাহ্ন
বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলের সুষম ও সামগ্রিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘আঞ্চলিক উন্নয়নের এই ধারাবাহিকতায় সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন তরান্বিত করা হবে।’
শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহিদ সোলেমান হলে আয়োজিত ‘সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতি’র নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে কোম্পানিগঞ্জ উপজেলার চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন দূরদর্শী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জীবনযাত্রার মান যেমন উন্নত হবে, তেমনি এলাকার পর্যটন শিল্পের বিকাশ ঘটবে এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, “খুব শীঘ্রই কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তা উপজেলা হাসপাতালের জন্য অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে। একই সাথে এই তিনটি উপজেলার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।” এ সময় তিনি প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ কোম্পানিগঞ্জের বর্তমান স্থলবন্দরের পাশাপাশি ভবিষ্যতে আরও একটি স্থলবন্দর স্থাপনের আশ্বাস দেন।
বিদেশে জনশক্তি রপ্তানির সুযোগকে কাজে লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “বিদেশ যাওয়ার আগে আমাদের কর্মীদের ন্যূনতম কারিগরি জ্ঞান অর্জন করা উচিত। একই সাথে গন্তব্য দেশের ভাষার প্রাথমিক ধারণা নেওয়া প্রয়োজন; এতে প্রবাসে চলাফেরায় সুবিধা হবে এবং দ্রুত স্থানীয় ভাষা আয়ত্ত করা সম্ভব হবে।”
সভায় সভাপতিত্ব করেন সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মো. তোতিউর রহমান। সঞ্চালনায় ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ-সভাপতি মাওলানা এহসান উদ্দিন। এরপর সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন সমিতির নেতৃবৃন্দ। পরে সমিতির নবগঠিত কমিটির সদস্যদের হাতে গোলাপ ও রজনীগন্ধা স্টিক তুলে দেওয়া হয় এবং অতিথিদের সাথে ফটোসেশনে অংশ নেন সদস্যরা।
স্বাগত বক্তব্য দেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক তোতিউর রহমান। সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে মানপত্র ও দাবিনামা পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলাম। বক্তব্য দেন সমিতির সভাপতি এম এ রফিকুল হক, সমিতির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী আকবর, সহ-সভাপতি মাস্টার মো. আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং প্রচার সম্পাদক আবিদুর রহমান।
বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে আইনি পেশায় বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সংবর্ধনা স্মারক দেওয়া হয়। সিলেটের সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্বাচিত হওয়ায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেইন এবং সিলেট জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মনোনীত হওয়ায় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, অ্যাডভোকেট আলাউদ্দিন, অ্যাডভোকেট দিলোয়ার হোসেন ও অ্যাডভোকেট শফিকুর রহমানকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
বক্তারা কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ দীর্ঘদিনের বন্ধ থাকা পাথর কোয়ারি চালুর বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট-৪ আসনের উন্নয়ন পরিকল্পনা ও তা বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, আগামী জানুয়ারির মধ্যেই এলাকার বেশ কিছু মেগা প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুল মালিক, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি মো. সাহাব উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শেদ আলম, ইমরান আহমেদ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আলম, তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, সমিতির সহ সভাপতি মো. বশির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মখদ্দুছ আলী, সহ সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, অর্থ সম্পাদক মো. আলীমুজ্জামান, সহ প্রচার সম্পাদক এডভোকেট জাকির হোসেন, শিক্ষা সম্পাদক শাহনেওয়াজ মো. লিটন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সনজিত কুমার সিংহ, ক্রীড়া সম্পাদক তাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মাসরুর আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রোমেনা বেগম রোজী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, আপ্যায়ন সম্পাদক মো. হানিফ আলী, সমাজকল্যাণ ও গণসংযোগ সম্পাদক ডাক্তার আব্দুল হাসিব, দাতা সদস্য আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য ফয়জুল হক, মুসা হোসেন সেলিম, মো. শামসুল আলম, মাওলানা কাজী জসিম উদ্দিন, মো. তজব আলী, পাড়ুয়া তরুণ সংঘের সাধারণ সম্পাদক মো. মামুন চৌধুরী, সমিতির নীরিক্ষা কমিটির সদস্য মো. নুরুদ্দিন, মো. মনিরুজ্জামান, আব্দুল হালিম খন্দকার, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন সারোয়ার প্রমুখ। এছাড়া সমিতির বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা, সাধারণ পরিষদের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আগত অতিথিদের মাঝে খাবারের প্যাকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




