ফেঞ্চুগঞ্জে রেললাইনে নাশকতার পরিকল্পনা, আটক ৫ ছাত্রলীগ নেতাকর্র্মী জেলহাজতে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৫, ৩:২০:১৩ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইনে নাশকতা পরিকল্পনার অভিযোগে ফেঞ্চুগঞ্জ থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার কায়েস্তগ্রামের আব্দুল খালেকের পুত্র মুহিবুল ইসলাম কাওসার (২৭), পূর্ব ফরিদপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের সায়মন আহমদ (২০), পশ্চিম ফরিদপুর গ্রামের মাহতাব উদ্দীনের পুত্র মিনহাজ উদ্দিন মাহিন (২০) ও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বড় গাঁও’র ফরিদ চৌধুরীর পুত্র সিজিল চৌধুরী (২৮)। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মাইজগাঁও রেলওয়ে স্টেশন, উপজেলা পরিষদ ও শাহজালাল সার কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও রেললাইন খুলে ফেলার মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানার কচুয়াবহর এলাকায় সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে চেকপোস্ট পরিচালনা করে ছাত্রলীগ নেতা কাবিলুর রহমান সোহেলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরো চারজনকে আটক করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ব্রিফিংয়ে জানান, দেশব্যাপী নাশকতার পরিকল্পনার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের তেরা মিয়ার পুত্র মাহমুদুর রহমানের নির্দেশে ও অর্থায়নে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল আটককৃতরা।
ওসি জানান, আটককৃতদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম, স্কচটেপ, টোপকাটা, মারবেল, বালতিসহ বিভিন্ন ধরনের সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ফেঞ্চুগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিজয় প্রসাদ দেবনাথ, এস আই দেবজিৎ দাস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।




