ঢাকায় বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
সিলেটসহ সারাদেশে উদ্বেগ-আতঙ্ক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৫:৪৮:৪৭ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণের তারিখ ঘিরে সিলেটসহ সারাদেশে চাপা উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে। বাস, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনায় আগুন-ককটেল নিক্ষেপের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা করবে । এদিন আওয়ামী লীগের নেতারা ঢাকায় লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘোষণার পর কয়েকদিন ধরে গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সিলেটসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশের বিভিন্ন সড়কে বাড়তি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের জন্য গতকাল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেনাসদরে চিঠি দেয়া হয়েছে।
বুধবার রাতে সিলেট নগরীর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। সন্ধ্যায় নগরীতে বাংলাদেশ ব্যাংকের পাশে টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর পরিত্যক্ত দু’টি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এটা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাতে নগরীর বন্দরবাজার, আম্বরখানাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মিছিল হয়েছে। ছাত্রশিবিরের উদ্যোগেও রাতে নগরীতে বিশাল মিছিল হয়েছে।
জানা গেছে, গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ও সার্ক ফোয়ারা মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া, রাজধানীর ধোলাইপাড়ে বাসে এবং তেজগাঁওয়ে ট্রেনের বগিতে আগুন দেয়া হয়েছে।
গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও রেলস্টেশনে একটি পুরনো ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ দু’জনকে আটক করেছে।
এর আগে সন্ধ্যায় ধোলাইপাড় মোড়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একইসঙ্গে মিরপুর, শান্তিনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
তেজগাঁও ঘটনার বিষয়ে পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আক্কাস আলী বলেন, দুর্বৃত্তরা রাত পৌনে ১০টার দিকে স্টেশনে থাকা একটি পুরনো বগিতে আগুন দেয়। দ্রুত আগুন নেভানো হয়েছে, হতাহতের খবর নেই।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল বলেন, কয়েকজন যুবক ট্রেনের বগিতে আগুন দেওয়ার পর পালানোর চেষ্টা করলে রেলওয়ে নিরাপত্তারক্ষীরা দু’জনকে আটক করে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা গেছে, ধোলাইপাড়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শতাব্দী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, আগুন লাগার ঘটনাটি নাশকতা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তে পুলিশকে জানানো হয়েছে।
একইসঙ্গে রাজধানীর অন্তত তিনটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মিরপুর মডেল থানা এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দুর্বৃত্ত পুলিশ চেকপোস্টের পাশে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
এছাড়া শান্তিনগরের টুইন টাওয়ারের সামনেও বিকট শব্দে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশ বলছে, এসব বিস্ফোরণ ‘লকডাউনকে ঘিরে ভয়ভীতি ছড়ানোর অংশ হতে পারে।’
অন্যদিকে, রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে মেট্রো স্টেশনের নিচে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিশেষ টহল জোরদার করেছেন।




