পৃথক পিকআপ-টমটম সংঘর্ষে আহত ৪ জন
বালাগঞ্জে মামার বাড়ি বেড়াতে এসে ট্রাক চাপায় কন্যাশিশু নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২৫, ৬:০৫:১৮ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : বালাগঞ্জে ট্রাক চাপায় ঘটনাস্থলেই এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১টার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের দেওয়ানবাজার ইউনিয়নের আলাপুর গ্রামের সম্মুখে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম খুরশেদা বেগম (৮)। সে জগন্নাথপুর উপজেলার তিলক শাহারপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ২য় মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। খুরশেদারা ৩ বোন ও ১ ভাই।
এলাকাবাসী ও খুরশেদার আত্মীয়-স্বজন সূত্রে জানা গেছে, ঘটনার দিন শিশুটি তার বাবা এবং দাদীর সাথে মামার বাড়ি আলাপুর গ্রামে বেড়াতে এসেছিল। গ্রামের প্রধান সড়কে গাড়ি থেকে নামার সাথে সাথে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২২৪৯৩২) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকাবাসী ট্রাক এবং চালককে আটক করেন।
এদিকে, গতকাল বিকেল ৪টার দিকে বালাগঞ্জ উপজেলার মোরারবাজার-মাদ্রাসাবাজার-দয়ামীর সড়কে পিকআপ ও টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪জন আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় গরু বোঝাই পিকআপটি মোরারবাজার থেকে মাদরাসাবাজার যাবার পথে স্থানীয় আনোয়ারপুর গ্রামের পাশে মাদরাসাবাজার থেকে আসা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকাবাসী আহতদের সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।




