স্পিকারের আসন ফাঁকা রেখেই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ১১:৪৯:৪৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : স্পিকারের আসন ফাঁকা রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের সংসদকক্ষে অধিবেশন শুরু হয়। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় তাঁর সভাপতিত্বে।
তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) কারাগারে।
এমন পরিস্থিতিতে আজ সংসদকক্ষে স্পিকারের আসনটি ফাঁকা রেখেই শুরু হয় অধিবেশন। অধিবেশন শুরুতে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন। এরপর শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। কারি মোহাম্মদ আবু রায়হান কোরআন তিলাওয়াত করেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ২৯৯ আসনে নির্বাচন হয়। আদালতের নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসন বাদে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট ২১২, জামায়াত জোট ৭৭, স্বতন্ত্র ৭ এবং ইসলামী আন্দোলন একটি আসনে বিজয়ী হয়।




