২২ ঘণ্টা পর ত্রুটি সেরে জেদ্দার উদ্দেশ্যে ছাড়লো বিমানের ফ্লাইট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৬, ৭:৫৮:২৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : ২২ ঘণ্টা পর ত্রুটি সেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে বাংলাদেশ বিমানের বোয়িং (৭৭৭-৩০০ ইআর) মডেলের ফ্লাইটটি অবশেষে জেদ্দার উদ্দেশ্য সিলেট ছেড়েছে। যান্ত্রিক ত্রুটি সারানো শেষে ২২ ঘন্টা পর মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ওমরাহ যাত্রী নিয়ে উড়োজাহাজটি সৌদিআরবস্থ জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরের উদ্দেশ্যে সিলেট ওসমানী বিমানবন্দর ত্যাগ করে। সৌদিআরবে জেদ্দা এয়ারপোর্টে আটকে পড়া প্রায় ৪ শতাধিক যাত্রী ১৪ ঘন্টা ধরে সেখানে অপেক্ষমান আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। তিনি জানান, সোমবার বিকালে ঢাকা থেকে বিমানের একটি উড়োজাহাজ যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এখান থেকে ওমরাহ যাত্রী নিয়ে উড়োজাহাজটির(বিজি-০২৩৫) সৌদিআরের উদ্দেশে উড়াল দেবার কথা ছিল। কিন্তু, ওসমানী বিমানবন্দরে আসার পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যে কারণে বিমানটি জেদ্দা এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। মঙ্গলবার সকাল ১১টার দিকে বিমানের প্রকৌশল টিম উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি সারানোর কাজে যোগ দেন। প্রায় ৫ ঘন্টা পর উড়োজাহাজটির ত্রুটি সারানো হয়। এরপর বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে বিমানটি জেদ্দার উদ্দেশে উড়াল দেয়।
এদিকে, বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জেদ্দা ও ওসমানীতে অপেক্ষমান প্রায় ৮ শতাধিক উমরাহ যাত্রী পড়েন বিপাকে। কারণ সিলেট থেকে ছেড়ে যাওয়া বিমানটির ফিরতি ফ্লাইট হিসেবে(বিজি-০২৩৬) দেশে আসার কথা ছিল। এছাড়া, বিমানের পক্ষ থেকে ফ্লাইট বাতিল হবার বিষয়ে কোন আপডেট তথ্য জানানো হয়নি। বিমানের ওয়েবসাইটেও দেখা যায়, বিমানটি অনটাইম আছে।
যাত্রীদের অভিযোগ, বিমানের পক্ষ থেকে বিষয়টি ইনফর্ম করা হলে অনেক যাত্রীই বিকল্প উপায় খুঁজতে পারতেন।
সৌদিআরবে অবস্থানরত এ ফ্লাইটের যাত্রী সিলেট রিয়েল এস্টেট গ্রুপ(সারেগ)-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ দিলওয়ার হোসাইন জানান, সোমবার রাত ১টার (সৌদি সময়) ফ্লাইটে তাদের দেশে আসার কথা ছিল। তারা এক সাথে ছিলেন ৪ জন। লাগেজ নিয়ে তারা যথারীতি কিং আব্দুল আজিজ বিমানবন্দরে চলে আসেন। কিন্তু, বিমানের পক্ষ থেকে ফ্লাইট বিলম্বের বিষয়ে তাদেরকে কিছুই জানানো হয়নি। এক পর্যায়ে ১০টি বাসে করে বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীদের নিয়ে যাওয়া হয় একটি নিম্নমানের হোটেলে। যাত্রীদের খাবারও পরিবেশন করা হয় নিম্নমানের। এ কারণে যাত্রীদের অনেকের শরীর খারাপ হয়ে গেছে বলে জানান তিনি।



