কোম্পানীগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ও ১২ মামলার পলাতক আন্তঃজেলা ডাকাত গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৩:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ১২ টি মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত হাবিবুর রহমান ওরফে গেদা ওরফে রাহাকে (৪৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। শুক্রবার সন্ধ্যায় তাকে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বউ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর পলাতক থাকা ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ১৯ মামলার আসামী হাবিবুর রহমান ওরফে গেদা ওরফে রাহাকে (৪৭) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বউ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি আরও জানায়, গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান ওরফে গেদা এলাকার শীর্ষ সন্ত্রাসী ও শীর্ষস্থানীয় আন্তঃজেলা ডাকাত হিসেবে পরিচিত। তাকে কোম্পানীগঞ্জ থানার একটি মামলায় আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে। তার বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন গুরুতর অপরাধে সর্বমোট ১২টি মামলা রয়েছে। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন এবং আন্তঃজেলা ডাকাত চক্রের সাথে যুক্ত থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আর্থিকভাবে লাভবান হয়ে আসছিলেন।
এবিষয়ে এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, তার বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ থানা, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও সুনামগঞ্জের ছাতক থানায় বিভিন্ন অপরাধে ১২ টি মামলা রয়েছে। এর মধ্যে সে একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, শুক্রবার রাতে তাকে এসআরবি কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করে। পরে শনিবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



